![]() |
| সৌদি আরবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে নিরাপত্তা অভিযান। প্রতীকী ছবি। |
নিউজ ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৬
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত তল্লাশি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জন আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
অবৈধভাবে প্রবেশের চেষ্টা, আটক ১ হাজার ৮৮১ জন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধ সীমান্তপথে দেশটি ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ করা কিংবা লুকিয়ে রাখতে সহায়তা করার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে।
আইনি প্রক্রিয়ায় রয়েছেন ৩৭ হাজারের বেশি প্রবাসী
মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে সৌদি আরবে মোট ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসী বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।
এ ছাড়া ২০ হাজার ২৫২ জনকে ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও ৬ হাজার ৫৫৫ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে মোট ৭ হাজার ৯৩৪ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের সহায়তায় কঠোর শাস্তির বিধান
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘন করে কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, দেশের ভেতরে পরিবহন করা, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করা গুরুতর অপরাধ।
এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং অপরাধীর পরিচয় প্রকাশের বিধান রয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব অপরাধ গ্রেপ্তারযোগ্য গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
অভিযোগ জানাতে যে নম্বরে ফোন করবেন
আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
সূত্র: সৌদি গেজেট ও সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
