ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার।

 

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশিকে নিয়ে প্রতীকী ছবি
বাংলাদেশ ইসরায়েলের প্রতিকী ছবি। 


লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


নিহত দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।


লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে। পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়।


** বিবৃতিতে আরও বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। নিহত দুই বাংলাদেশির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন: