![]() |
| ছবি: সংগৃহীত |
একের পর এক হুমকি, নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে একের পর এক প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি তাঁর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিডি২৪লাইভকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
**বিদেশি নম্বর থেকে হুমকির বার্তা
জিডির তথ্য অনুযায়ী, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে ওসির সরকারি মুঠোফোনের হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠানো হয়। বার্তাগুলোতে প্রেরকের নাম ইংরেজিতে ‘এন এম জামাল’ লেখা ছিল।
শুরুতে ওই নম্বর থেকে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরে ওসিকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত থাকার হুমকি দেওয়া হয়।
**ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি
অভিযোগ অনুযায়ী, পরবর্তী বার্তাগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার জন্য সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়। একটি বার্তায় লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’
এ ছাড়া ওসিকে উদ্দেশ করে বলা হয়, তিনি যদি নিজের জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তার কথা চিন্তা করেন, তাহলে যেন অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকেন।
সর্বশেষ বার্তায় তাঁকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দেওয়া হয়। এসব বার্তার মাধ্যমে তাঁকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন ওসি।
**দায়িত্ব পালন অব্যাহত রাখার ঘোষণা ওসির
ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনার সময় তিনি হুমকির বার্তাগুলো পান।
তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণত একটি গোষ্ঠী নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। তবে এসব বাধা সত্ত্বেও তাঁরা দায়িত্ব পালন করে যাবেন।
হুমকিদাতার নম্বরটি বিদেশি হলেও দেশের ভেতর থেকে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি। তবে বিদেশ থেকে নম্বরটি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। বিদেশি নম্বর হওয়ায় ব্যবহারকারীকে শনাক্ত করতে সময় লাগতে পারে বলে জানান তিনি।
নিজের নিরাপত্তা ও পরিবারের সদস্যদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
*তথ্যসূত্র: বিডি২৪লাইভ*
